স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে প্রথমবারের নির্বাচন থেকে ছিটকে পড়ল দেশের সবচেয়ে প্রাচীনতম এ দলটি।
সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত সম্পর্কে সিনিয়র সচিব আখতার আহমেদ প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইলেকশন কমিশন। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশন জারি করেছি, আপনারা গেজেটের কপি বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে।
সোমবার বিকালে জারি করা ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।



