পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে অক্সিজেন পরিবার। মঙ্গলবার (১৭ মার্চ) শেরপুর জেলার ভীমগঞ্জ এলাকার নিম্নবিত্ত প্রায় ৪০টি পরিবারকে এই ঈদ উপহার তুলে দেয় অক্সিজেন পরিবার। প্রতিটি ঈদ প্যাকেজে ছিলো পোলাও চাল, ডাল, তেল, চিনি, সেমাই, নুডলস, সাবান, গুড়া দুধ।
এসময় উপস্থিত ছিলেন অক্সিজেন পরিবারের সদস্য আহনাফ হোসেন নাকিব, সৈয়দ সিফাত, মুনায়েম হদয়, তৌকির আহমেদ, রাইসুল ইসলাম তন্ময়, মাহবুবুর রহমান সিয়াম, পার্থ মালাকার, রাহুল দে, পারভেজ ও অমিত।
অক্সিজেন পরিবারের সদস্যরা জানায়, আমরা চেয়েছি সবার মুখে হাসি ফোটাতে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যারা এই যাত্রায় ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
ঈদ উপহার পেয়ে অভিব্যক্তি প্রকাশ করেন ভীমগঞ্জ এলাকার বাসিন্দা আসাদ মিয়া। তিনি বলেন, ঈদ উপহার পেয়ে আমরা খুশি। যারা দিয়েছে তাদের ধন্যবাদ।
অক্সিজেনের সংগঠক আহনাফ হোসেন নাকিব বলেন, ২০২১ সালে প্রতি মাসে অন্তত একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অক্সিজেন পরিবার শেরপুর-এর যাত্রা শুরু হয়।সংগঠনটির সকল সদস্যই শিক্ষার্থী। নিজেদের সামর্থ্য এবং পরিচিত ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ গত ৪ বছরে প্রায় ৩০টিরও বেশি মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
ইনশাআল্লাহ, সকলের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে এই সংগঠন।
উল্লেখ্য, অক্সিজেন পরিবার শেরপুর জেলায় বেশ কয়েক বছর ধরে অসহায়দের পাশে কাজ করে আসছেন। জরুরি রক্ত সংগ্রহ, অসহায় রোগীদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ এবং ঈদ উপহার বিতরণ সহ নানা ধরনের কাজ করে আসছে।



