শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মুফতি আমীর হামজার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে, শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মুফতি আমীর হামজা নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।
ভিডিওতে তিনি বলেন, “আমি হামজার কুষ্টিয়া, ২০২৩ বা ২০২১ সালের দিকে চট্টগ্রাম এলাকায় একটি মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর নামে যে ‘কো কো’ শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুব্বি মানুষ যাদের দাঁত নেই তারা যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে। অনেকের নাম আমি ‘কু কু’ এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দুই ঘন্টা কথা বলতে গিয়ে।”
তিনি আরও বলেন, “ওই সময়ই তারপরের দিন এটা আমি সংশোধন করে নিয়েছি। ভুল স্বীকার করেছি। ভুল হলেই মানুষ স্বীকার করবে, এর মধ্যে কোন লজ্জা নেই, অপমান নেই। ভুল হলে আমি স্বীকার করি। মানুষ তো ভুলের উর্ধ্বে নয়। এরপর আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি লাইভে এসে বলেছিলাম বিষয়টা অনাকাঙ্ক্ষিত। আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি। সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করবেন।”
তার অভিযোগ, “এটাকে এত বছর পর রাজনৈতিক স্বার্থের জন্য ভিডিওগুলো কাটছাঁট করে সামনে নিয়ে আসা হয়েছে। এক ঘন্টা আগে কি বলেছি, আধা ঘন্টা পরে কি বলেছি এগুলো নেই। ৮ সেকেন্ড বা ১৫ সেকেন্ডের ভিডিও সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমাকে চরিতার্থ করার চেষ্টা করছে, তাদেরও তো কত ভুল হয়, তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলার সময়।”
অন্যদিকে, এই ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি আবহায়ক কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী জনাব মুফতি আমীর হামজা সাহেবের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, যেটি আমাদেরকে ব্যথিত ও সংক্ষুব্ধ করেছে। এরূপ অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনভাবে প্রত্যাশা করা যায় না।
সভ্যতার সীমা অতিক্রম করে আমীর হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা মনে করি, তার বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্তমূলক, যা আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”



