ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। তার স্বাস্থ্যে অবস্থা আগের মতোই অপরিবর্তিত। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে লিভারসংক্রান্ত জটিলতা, কিডনিসংক্রান্ত জটিলতা, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশন–জনিত সমস্যা।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি-পরবর্তী পরীক্ষা–নিরীক্ষায় তার ফুসফুস, হৃদ্যন্ত্র ও কিডনির অবস্থার দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাকে তাৎক্ষণিক কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
এভারকেয়ারে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।



