নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় জনতার গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়।
রোববার (৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের থানাধীন জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় শনাক্তে পিবিআই চেষ্টা চালাচ্ছে বলে জানান সংস্থাটির নারায়ণগঞ্জে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পথচারী ও স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে এক ছিনতাইকারী ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তবে তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উত্তেজিত জনতা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, ভোরে তিনজন ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। পরে অজ্ঞাত ওই ছিনতাইকারী জনতার হাতে আটক হলে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পালিয়ে যায় অন্য দুজন। পরে তাদের মোটর সাইকেলটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
এদিকে মৃতদেহের পাশ থেকে একটি চাকু ও স্টিলের চাপাতিও উদ্ধার করা হয় জানায় পুলিশ।



