সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি অর্থবছরের মুজিববর্ষের বাজেট বরাদ্দ বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকার যে বাজেট বরাদ্দ দিয়েছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানায়। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ প্রসঙ্গে প্রেস উইং থেকে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ পালনের বিষয়টি উঠে আসে। সেখানে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে যেসব মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট ১ হাজার ২৬১ কোটি ৫ লাখ টাকা ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদকে জানানো হয়।

এরপরই চলতি বছরে এ জন্য সম্ভাব্য বাজেট ব্যয়ের অংশটি (২০২৪-২৫ অর্থবছর) বাতিল করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

এ ছাড়া এদিন দি বাংলাদেশ ল’ অফিসার্স (সংশোধন) অর্ডিন্যান্স-২০২৪, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪ ও জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন)-২০২৪ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ (সংশোধিত-২০২১) বাতিল করে অধ্যাদেশ জারির জন্য নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

দি বাংলাদেশ ল’ অফিসার্স (সংশোধন) অর্ডিন্যান্স-২০২৪-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে প্রস্তাবটি আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।
এই অধ্যাদেশের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেবে সরকার।

তাই এই অধ্যাদেশটি আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তাতে আরও বলা হয়েছে, যেহেতু বর্তমানে দেশের সংসদ ভেঙে যাওয়া অবস্থায় আছে। তাই অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগে আশু ব্যবস্থা নেওয়ার মতো প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধনী) অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এই আইনের আওতায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের ব্যবস্থা করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এ ছাড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

প্রস্তাবে মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য বাছাই কমিটি-সংক্রান্ত বিধানটি সংশোধন করার বিধান রাখা হয়েছে। এ ছাড়া কমিশনের কোনো কার্য বা কার্যধারা যাতে অবৈধ না হয় বা তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা না যায়, সে-সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ওই সভায় বিদ্যুৎ বিভাগের প্রস্তাব বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে এবং জনস্বার্থে এ খাতে স্বচ্ছতা ও প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি ক্রয় এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিত করার জন্য নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে চলতি বছর থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

গুরুত্বপুর্ন লিংক