শুক্রবার , ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-১২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এটি বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর গণমাধ্যমকে সাইফুল হক বলেন, “মানুষ গত ১৬ বছর ভোট দিতে পারেনি। এবার নির্বাচনের কারণে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আগামী নির্বাচনে শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, দেশের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হবে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখা না গেলে নির্বাচনের ফলাফলও প্রশ্নবিদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের যৌথ উদ্যোগ প্রয়োজন। সকল পক্ষের মধ্যে বোঝাপড়া না গড়ে উঠলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে সন্দেহ থাকবে।”
সাইফুল হক জানান, ঢাকা শহরকে বাসযোগ্য করতে, নাগরিক সেবা নিশ্চিত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি ও জবরদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া মাদক ও ময়লা আবর্জনা পরিষ্কার করতেও উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিএনপির ২৭ নং ওয়ার্ড যুগ্ন আহ্বায়ক তোফায়েল আহমেদ, তেজগাঁও থানা বিএনপির নেতা আমজাদ হোসেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, ফিরোজ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গুরুত্বপুর্ন লিংক