দুজনেরই টেস্ট অভিষেক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মর্যাদার টেস্ট ক্যাম্প মিলেছিল ঘরের মাঠে। কিন্তু তেমন বলার মতো কিছুই করতে পারেননি। দুদিন পরই অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। অ্যাওয়ে সিরিজে কেমন করবে সেটা বিরাট প্রশ্নের।
বলা হচ্ছে, জাকের আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা। যুব ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটের পাট চুকিয়ে বেশ ভালোভাবেই তারা জাতীয় দলে ঢুকেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় জাকেরের অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসে ২ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে (৫৮) মান রক্ষা হয় তার। দ্বিতীয় টেস্ট তার খেলা হয়নি অনুশীলনে মাথায় আঘাত পেয়েছিল বলে। মাহিদুল ইসলাম অঙ্কন তখন ছিলেন কক্সবাজারে জাতীয় ক্রিকেট লিগ খেলায় ব্যস্ত। তাকে হুট করে ডেকে নেওয়া হয়। করানো হয় অভিষেকও। চট্টগ্রামে প্রথম ইনিংসে ০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেন ২৯ রান।
এবার দুজনকেই একসঙ্গে উড়িয়ে নেওয়া হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে যেকোনো একজনের সুযোগ মিলতে পারে। কে খেলবে সেটা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। তবে দুদিনের প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে প্রমাণ করেছেন তারা। রান পেয়েছেন দুজনই।
ছয়ে নেমে জাকের ৪৮ রানের ইনিংস। সাতে মাহিদুলের ব্যাট থেকে আসে ৪১ রান। পঞ্চম উইকেটে দুজনের জুটি ৮১ রানের। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তাদের আর ব্যাটিংয়ের সুযোগ হয়নি। দুজনের ইনিংসই ছিল আঁটসাঁট। চার-ছক্কায় সাজানো। দৃঢ় প্রত্যয়ী।



