শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধা পেরিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার জেরে বিকাল সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছেন। এ সময় পুলিশ ও সেনা সদস্য তাদেরকে ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শত শত শিক্ষার্থী সামনে পাওয়া গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ভাঙচুর চালানো হয়।

এর আগে, দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে গুলিস্তান জিরো পয়েন্টের সড়ক বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন, অনেক সমালোচনার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেওয়া হলো না—এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

তাদের দাবি, গভীর রাতে এই সিদ্ধান্ত আসায় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। তারা এই তথ্য জানতেই পারেনি। ফলে অনেকে আজ পরীক্ষাকেন্দ্রে চলে গেছে!

বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের ওপর ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ৬টি দাবির কথা জানিয়েছেন সেগুলোও তুলে ধরছেন তারা।

গুরুত্বপুর্ন লিংক