শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রীর নাম মিম আক্তার (১৩)।নিহত মিম সদর উপজেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত মিস্টার আলীর মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে নিজের গায়ের ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে ছিটকে রাস্তায় পড়ে যায় মিম। এ সময় গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায় নিহত মিমের বাবা মিস্টার আলী প্রথম রোজার দিন মারা যান। দশ দিনের ব্যবধানে একই পরিবারের ২ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম জানান,ঘটনার পর স্বজনেরা মেয়েটির মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হলে অনুমতি প্রদান করা হয়।



