নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে হেনস্থার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার ও বিচারের আওতায় না আনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে কৃষি বিভাগের কলম বিরতি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। একই সাথে সমস্ত উপজেলায় চলে ওই কর্মসূচি।
এতে মাঠ পর্যায়ের কৃষি সেবা বন্ধ থাকায় কৃষি ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আগামী দুই দিন ধরে চলবে এই অচলাবস্থা।
গত ৫ নভেম্বর কৃষি প্রণোদনার তালিকায় পছন্দের লোকদের নাম না থাকায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলা করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম। এঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়।
এদিকে জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, দ্রুত আসামীদের গ্রেফতার না করা হলে পূর্ণ কর্মবিরতিতে যাওয়া হবে। সেই সাথে কর্মকর্তা ও কর্মচারীদের নির্ভয়ে কাজ চালিয়ে যেতে সুষ্ঠু পরিবেশ চান তিনি।



