শেরপুর-১ আসনে ব্যালট ছিনতাই ও ভোট প্রদানের অপরাধে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। একইসাথে লাঙ্গল প্রতীকের এজেন্টকে আচরনবিধি লঙ্ঘনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ৯৮নং নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দুপুরে আদালত এই শাস্তি প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নলবাইদ এলাকার আবুল হাসেম কানির ছেলে মাসুদ মিয়া ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বেল্লাল মিয়া।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৯টা ৫০মিনিট থেকে ১১টা ৫মিনিট পর্যন্ত শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিএনপির মনোনীত প্রার্থীর কয়েকজন সমর্থক ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী এজেন্টদেরকে বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেয়া শুরু করেন এবং ধানের শীষ প্রতীক সম্বলিত অবৈধ সিল মারা ২৬ টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ প্রমানিত হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভুঁইয়া মাসুদ মিয়াকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ওই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।



