শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাবিরোধী অপশক্তি ফের নতুন চেহারায় হাজির হয়েছে : মির্জা ফখরুল

স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি সেই অপশক্তি ফের নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে ‘
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকালে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’
তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, ‘এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্য নেতারা।

গুরুত্বপুর্ন লিংক