রাজধানীর দয়াগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।
বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা।
রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় এই বিক্ষোভ করছে বলে জানায় বিক্ষোভকারী রিকশাচালকরা।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ গণমাধ্যমকে জানান, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন রিকশাচালকরা। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী ব্যাটারিচালিত রিকশা বন্ধ চেয়ে রিট করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।
রাজধানীর অলিগলির পাশাপাশি মূল সড়কেও ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা।



