শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলসিন্দুরের নারী ফুটবলারদের রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডশনের বাইসাইকেল ও কম্বল উপহার

স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের নারী ফুটবলারদের মাঝে ২৩টি বাইসাইকেল ও ৫০টি কম্বল উপহার দেওয়া হয়েছে।

২৯ জানুয়ারি বুধবার বিকেলে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজে কলসিন্দুর ফুটবল একাডেমি মাঠ প্রাঙ্গণে একাডেমির কোচ ও খুদে নারী ফুটবলারদের মাঝে ওই বাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি নিউজ ও ভয়েস অফ আমেরিকার সাবেক সংবাদ পাঠক প্রবাসী বাংলাদেশী শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফর ফুটবল শেরপুরের প্রতিষ্ঠাতা-পরিচালক সাধন বসাক, সমাজকর্মী রুকসানা মিনু ও ডা. অনুপম বসাক তিলক।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলসিন্দুর ফুটবল একাডেমির সভাপতি প্রভাষক মালা রানী সরকার, কোচ জুয়েল মিয়া, রক্তসৈনিক সদস্য শহীদুল ইসলাম, জিহাদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ইতিহাস সৃষ্টি করে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নারীরা সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন মারিয়া মান্দা–সানজিদা আক্তারদের গ্রাম কলসিন্দুরের মানুষেরা। টুর্নামেন্টে ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম থেকে এবারও খেলেছেন ছয় নারী ফুটবলার। এমন অজপাড়া গ্রামের মেয়েরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের। আমি শুনেছি তারা নানা প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়েনি ফুটবল প্রাকটিস করেছে। তাদের যাতায়াত, খেলার সরঞ্জাম পুষ্টিকর খাবারসহ নানা জিনিসের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাড়িয়ে তাদের চাহিদা পূরণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তারা দূর থেকে হেঁটে আসতো একাডেমিতে প্রাকটিস করার জন্য। তাদের জন্য কিছু করতে পেরে আমরা রক্তসৈনিক পরিবার গর্বিত। তাদের যাতায়াতের জন্য এ বাইসাইকেল গুলো সহায়ক হবে বলে আমি মনে করি।

গুরুত্বপুর্ন লিংক