সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের শিকার মেয়ে ।। লজ্জায় বিষপানে মায়ের আত্মহত্যার চেষ্টা

শেরপুরের ঝিনাইগাতীতে এক মাদ্রাসা ছাত্রীকে(১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ খবর জানাজানি হলে ছাত্রীর মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরী উপজেলার কাংশা ইউনিয়নের একটি গ্রামের এক দরিদ্র কামারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী পরিবার জানায়, ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে কিশোরীটি তার ৩-৪ জন বান্ধবীর সাথে ঝিনাইগাতীর গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে যায়। সেখানে ওই কিশোরীর সাথে পূর্বপরিচিত ইলিয়াছের দেখা হয়। একপর্যায়ে ইলিয়াছ তার দুই সহযোগির সহায়তায় কিশোরীটিকে গারো পাহাড়ের জঙ্গলের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরীটিকে উদ্ধার করেন এবং বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে মেয়ের ধর্ষণের ঘটনা জানতে পেরে মা বিকেলে বাড়ির অদূরে গারো পাহাড়ে গিয়ে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতাল সবশেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চারজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন।

গুরুত্বপুর্ন লিংক