শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, বুধবার সরকারি ছুটি ঘোষণা

ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ইরানের ইতিহাসে সবচেয়ে বেশি গরম পড়েছে এ বছর। কিছু কিছু এলাকায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।

রোববার (২০ জুলাই)  সরকারি মুখপাত্র ফাতে‌মেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।
তীব্র গরম ও বিদ্যুৎ-পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তেহরানে রোববার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার ফল বলে মনে করা হচ্ছে।

তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন। তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে।

এ অবস্থায় অন্তত ২০% পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। রক্ষণশীল দৈনিক জাভান জানিয়েছে, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রোববার (২০ জুলাই) ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি দুঃখ প্রকাশ করে বলেন, “সম্পদ ব্যবস্থাপনার স্বার্থে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.

সূত্র: আল জাজিরা।

গুরুত্বপুর্ন লিংক