শনিবার , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকড

ঢাকা-৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে একটি সংগঠন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) এ দাবিতে দুপুর ১২টায় ঢাকার শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারা।
অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
অবরোধের ব্যাপারটি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি শাহবাগে রাস্তা অবরোধ করেছে। তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আসামি গ্রেফতার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। পাশাপাশি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।’
শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।
গেল শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকার দক্ষিণ সিটির পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা ২ আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

 

গুরুত্বপুর্ন লিংক