ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামের লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (বুধবার) তাদের পারিবারিক বিরোধকৃত জমির বিষয় নিয়ে কথা বলার জন্য সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে চাচাতো ভাই জহুরুল মোল্লার বাড়িতে যায়। কথার একপর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়, পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদেরকে চলে যেতে বলে। তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারো গুলি করে এবং বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘পারিবারিক বিরোধ নিয়ে কথা বলতে গিয়েছিল। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



