রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরের নকলা উপজেলায় ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। নিহত সজীব (১৬) উপজেলার ৭ নম্বর টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের ফারহান উদ্দিনের একমাত্র ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে তারাবির নামাজ শেষে একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ আরও ৩–৫ জন সজীবকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। কয়েকদিন ধরে একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে সজীবের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল।

 

পরে তারা সজীবকে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় নিয়ে যায়। সেখানে মোবাইল ফোন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পাইস্কা ব্রিজের নিচে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার পেট গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা জানান, আঘাতে তার শরীর থেকে কলিজার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ১১ মার্চ শেরপুর সদর সার্কেলের কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুরুত্বপুর্ন লিংক